অনলাইন জেন্ডারভিত্তিক সহিংসতা, সাইবার বুলিং, ট্রলিং, বডি শেমিং ও নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করেছে যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর রাইটস অ্যান্ড জাস্টিস (YARJ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় সৈকতের কবিতা চত্বরে ‘Think Before You Type-Behind Every Screen is a Human’ প্রতিপাদ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রচলিত সচেতনতামূলক আয়োজনের বাইরে সংগীত, টেডি চরিত্রের পরিবেশনা, জাদু, কমেডি ও কবিতার মাধ্যমে অনলাইন সহিংসতার ক্ষতিকর দিক তুলে ধরা হয়। আয়োজকদের লক্ষ্য, সৃজনশীল পরিবেশনার মাধ্যমে মানুষের কাছে দায়িত্বশীল অনলাইন আচরণ, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি ‘বাংলার মিস্টার বিন’খ্যাত ম্যাজিশিয়ান, কমেডিয়ান ও সমাজকর্মী রাসেদ শিকদার জাদু ও হাস্যরসাত্মক পরিবেশনার মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটিএনের বার্তা সম্পাদক সিয়াম সোহেল, YARJ-এর উপদেষ্টা নুরুল আমিন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা রিয়া এবং উপপরিচালক রায়হান উদ্দিন। আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেন TeddOria-এর প্রতিষ্ঠাতা ইসরাত জাহান সুমাইয়া।
আয়োজকেরা বলেন, অনলাইন সহিংসতা শুধু ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পড়ে মানুষের আত্মবিশ্বাস, মানসিক সুস্থতা, সামাজিক অংশগ্রহণ ও ব্যক্তিগত নিরাপত্তায়। বিশেষ করে নারী ও তরুণীরা অনলাইন হয়রানি, অপমানজনক মন্তব্য, ট্রলিং ও চরিত্রহননের মতো আচরণের শিকার হন।
তাঁদের মতে, অনলাইনে কোনো মন্তব্য, ছবি কিংবা তথ্য প্রকাশের আগে এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা জরুরি। ডিজিটাল প্ল্যাটফর্মে বিদ্বেষ ও হয়রানির পরিবর্তে সম্মানজনক আচরণ, সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে হবে।
কর্মসূচিতে সহযোগী যুব সংগঠন হিসেবে অংশ নেয় TeddOria, Save the Women and Children Bangladesh ও JYDA Bangladesh। আয়োজনে সহযোগিতা করে GOLD ও Activista। ডকুমেন্টেশন ও মিডিয়া সহায়তায় ছিল Best 4 Shoot।
YARJ-এর পক্ষ থেকে জানানো হয়, অনলাইন সহিংসতা প্রতিরোধে সচেতনতা কার্যক্রম এক দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মসহ সর্বস্তরে দায়িত্বশীল অনলাইন আচরণের চর্চা গড়ে তুলতে হবে।
কর্মসূচির মাধ্যমে অনলাইন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নারীসহ সবার মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজনটির মূল বার্তা-‘টাইপ করার আগে ভাবুন, কারণ প্রতিটি স্ক্রিনের ওপাশে একজন মানুষ আছেন।’
নিজস্ব প্রতিবেদক 






















