টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের একটি বসতঘর থেকে উদ্ধার করা বিশাল আকৃতির কিং কোবরা সাপ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরায় গভীর জঙ্গলে অবমুক্ত করেছে বন বিভাগ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজারছড়া গ্রামের একটি বসতবাড়ির খাটের নিচে সাপটি দেখতে পান বাড়ির লোকজন। এ সময় সাপটি ছোবল দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সাপটি ঘর থেকে বেরিয়ে এলে বাড়ির মালিক কৌশলে সেটিকে বস্তাবন্দি করেন।
পরে শিলখালী রেঞ্জের অধীন রাজারছড়া বিটের বিট কর্মকর্তাসহ বন বিভাগের একটি দল সাপটি উদ্ধার করে নিয়ে যায়। একই দিন দুপুর ১২টার দিকে শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলামের নেতৃত্বে বনরক্ষক হাবিব হোসেন, ইআরটি ও সিপিজি সদস্যদের উপস্থিতিতে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা হাজী মোজাহের স্টেডিয়ামের পূর্ব পাশে গভীর জঙ্গলে সাপটি অবমুক্ত করা হয়।
শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, “আমরা সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করেছি। সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন বিভাগ, সিপিজি ও ইআরটি সদস্যদের সমন্বয়ে সাপটি অবমুক্ত করা হয়েছে।”
নিজস্ব প্রতিবেদক 




















