সৈকতের বালিয়াড়িতে দাঁড়িয়ে আছে এক দানব। উচ্চতায় এ দানব ৫০ ফুট আর ওজন ৫ টন। সত্যিকারের দানব নয়, মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এ দানব।
সোমবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতের সীগাল পয়েন্টে উদ্বোধন করা হয় এ বর্জ্য দানবের।
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন নির্মিত এ দানবের প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।
এ সময় তিনি বলেন, প্লাস্টিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য, পরিবেশের জন্য, প্রতিবেশের জন্য দানবের মতো ভয়ানক হয়ে উঠেছে। তাই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে সবাইকে এখন থেকে সচেতন হতে হবে।
এ সময় পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সবাইকে সচেতন করতেই এ উদ্যোগ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সাল থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশন এ দানব প্রদর্শনীর কার্যক্রম শুরু করে। সংগৃহীত প্লাস্টিক দিয়ে এ দানব তৈরি করা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের প্লাস্টিকদূষণ সম্পর্কে সচেতন করাই এর মূল লক্ষ্য। আগামী ছয় মাস এ দানবের প্রদর্শনী চালু থাকবে বলে জানানো হয়।
রাহুল মহাজন: 





















