কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের হাসিনা বেগম (৫৫)।
শনিবার (৩ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল লিংক রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লা থেকে কক্সবাজারগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















