কক্সবাজারে প্রাইভেটকারের ডিকিতে কাঠের তৈরি চুড়ির শোপিসের ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকিয়ে রাখা ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় নূর কবির (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কলাতলী এলাকায় গ্রীণহাউজ মেরিকালচার কোরাল মাছের হ্যাচারির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নূর কবির টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানপাড়া (গফুরের বাড়ি) এলাকার মৃত জাফর আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে চট্টগ্রাম মেট্রো-গ-১১-৫৬৯২ নম্বরের একটি প্রাইভেটকারের পেছনের ডিকিতে থাকা কাঠের তৈরি চুড়ির শোপিসের ভেতর বিশেষভাবে তৈরি একটি চেম্বার পাওয়া যায়। ওই চেম্বারে দুইটি ‘Potato crackers’ চিপসের প্যাকেটের ভেতর নীল রঙের জিপারযুক্ত ১০টি পলিপ্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ২ হাজার ইয়াবা পাওয়া যায়।
এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত কাঠের তৈরি চুড়ির শোপিসটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নূর কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নিজস্ব প্রতিবেদক: 






















