বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া হেডম্যান পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছাগলখাইয়া হেডম্যান পাড়া এলাকায় শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও বিপুল পরিমাণ পাইপের সন্ধান পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়।
জব্দ করা সরঞ্জামগুলো লামা থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না এবং সরঞ্জামগুলোর মালিকের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রশাসন জানিয়েছে, লামা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অনুমোদন ছাড়া বালু উত্তোলনের ফলে নদী, ছড়া, খাল ও আশপাশের পরিবেশের ক্ষতির পাশাপাশি মাটি ক্ষয় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, শুধু বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ নয়, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে একই এলাকায় যাতে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
লামা প্রতিনিধি: 























