পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে শাওরিন সোলতানা আঁখি (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় তাঁর পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ শাওরিন সোলতানা আঁখি রাজাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দরীপাড়ার বাসিন্দা মো. আজমগীরের মেয়ে। সে রাজাখালী ফৈয়জুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং এবার এইচএসসি ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাওরিন পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরীক্ষা শেষে দুপুরের দিকে তাঁর বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
পরে শাওরিনের বাবা মো. আজমগীর রাতে পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জিডি নম্বর ১০৩৩/২৬। পরিবারের পক্ষ থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।
তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।
নিখোঁজ শাওরিন সোলতানা আঁখির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে (০১৮২৪-৪০৩০২৩) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান জানান, কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে জিডি করেছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।
পেকুয়া প্রতিনিধি: 






















