২০ ঘন্টার ব্যবধানে আবারো কাল বৈশাখীর কবলে পর্যটন শহর কক্সবাজার।
মঙ্গলবার রাত ১১ টা ১০ মিনিটের দিকে শুরু হয় কাল বৈশাখী। এসময় শুরু হয় তীব্র বেগে বাতাস। তার সাথে যুক্ত হয় বৃষ্টি। শহরের প্রধান প্রধান সড়কে জমে থাকা ময়লা আবর্জনা উড়তে দেখা যায় এসময়।কিছু সময়ের জন্যে যান ও মানুষের চলাচলে ঘটে বিঘ্ন।
তবে কক্সবাজার হাওয়া দপ্তরের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেছেন, ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে এই দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এটি। তবে এসময় বড় গাছের নীচে এবং টিন উড়ে আসতে পারে এমন জায়গায় না দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে তিনি।
আব্দুল হান্নান বলেন, এরকম পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত বিরাজ করতে পারে। যে কোনো সময় তীব্র বেগে বাতাস, বৃষ্টি বয়ে যেতে পারে। আগামী শনি, রবিবার থেকে তাপ মাত্রা বাড়বে।বৈশাখের যে খরতাপ তা অনুভূত হতে পারে।
মঙ্গলবার ভোররাত তিনটায় প্রচন্ড বেগে কালবৈশাখী বয়ে যাওয়ার ২০ ঘন্টা না যেতেই রাতে আবারো কাল বৈশাখীর কবলে পড়লো কক্সবাজার।
ভোর রাতে চলা কালবৈশাখীর তান্ডবে রামুর একটি বৌদ্ধ মন্দিরের বড় বটগাছ উপড়ে গেছে, আর কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মঙ্গলবার রাতের এই কাল বৈশাখীর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
নোমান অরুপ 



















