কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়ায় এক প্রবাসীর পরিবারের উপর একই দিনে দুই দফায় সংঘটিত নৃশংস হামলা এবং লুটপাটের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার ১৪/০৩/২০২৬ মহেশখালী থানায় মামলা দায়ের করতে গেলে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ রহস্যজনকভাবে গড়িমসি করে এবং মামলা গ্রহণে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ১৫/০৩/২০২৬ কক্সবাজার দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করে।
ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত পক্ষ বিভিন্ন প্রভাব ও কৌশল অবলম্বন করে উক্ত মামলা প্রত্যাহারের জন্য ভুক্তভোগী পরিবারকে ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করতে থাকে। কিন্তু ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের স্বার্থে মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে, ঘটনার ১২ দিন পর অর্থাৎ ২৬/০৩/২০২৬ তারিখে মহেশখালী থানায় উল্টো ভুক্তভোগী পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে আইনের অপব্যবহার, প্রভাবশালীদের ক্ষমতার অপপ্রয়োগ এবং বিচারপ্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, পূর্বে বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মাতারবাড়ির সিকদার পাড়ায় প্রবাসীর পরিবারের ৫ সদস্যের উপর একই দিনে দুই দফায় সংঘটিত হামলার সংবাদ প্রকাশিত হয়, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
তাদের দাবিগুলোর মধ্যে ১. মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার।
২. হামলার মূল ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত।
৩. দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
বার্তা পরিবেশক: 






















