কক্সবাজারে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।
জপলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (প্রাক্তন ইউনিয়ন পরিষদ সচিব) পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এই নিয়োগকে কেন্দ্র করে কোনো প্রকার আর্থিক লেনদেন, তদবির বা অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে , কিছু অসাধু দালাল বা প্রতারক চক্র চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিধি-বিধান অনুযায়ী সম্পন্ন করা হবে। চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে কেবল প্রার্থীদের মেধা, যোগ্যতা এবং নির্ধারিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।
কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, চাকরি দেওয়ার নামে অর্থ দাবি বা প্রতারণা করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ব্যক্তি বা চক্র এ ধরনের কুপ্রস্তাব দিলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের ইমেইল ঠিকানায় (dccoxsbazar@mopa.gov.bd) অবহিত করতে অথবা নিকটস্থ থানা বা গোয়েন্দা সংস্থাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সরকারি এই নিয়োগ কার্যক্রমে কোনো প্রলোভনে পড়ে আর্থিক ক্ষতিগ্রস্থ না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















