শুক্রবার জুমার পর থেকে সব পথ মিশে যায় কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার মাঠে।
মানুষের ঢল মাদ্রাসার মাঠ পেরিয়ে দখলে নেয় প্রধান সড়ক। কক্সবাজার পৌরসভার দুইবারের সাবেক জনপ্রিয় কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার কে শেষ বিদায় জানাতে সমবেত হয় স্বজন, সহযোদ্ধা,প্রতিবেশী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ।
জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আবেগে আপ্লূত হয়ে যায় সাহাব উদ্দিন সিকদারের পিতা মোহাম্মদ হোসাইন সিকদার। এসময় প্রয়াতের ভাই মহিউদ্দিন সিকদার, এমরান সিকদার,শেফায়েত হোসাইন শেফা বক্তব্য রাখেন। পরিবারের সদস্যরা সাহাব উদ্দিন সিকদারের জন্যে সকলের দোয়া কামনা করেন।
জানাজায় অংশ নিয়ে বক্তব্য রাখেন,সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, নুরুল কবির হেলাল,সালাউদ্দিন সেতু,আক্তার কামাল, ওমর সিদ্দিক লালু, মিজানুর রহমান,ওসমান সরওয়ার টিপু, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হাশেম সওদাগরসহ সাহাব উদ্দিন সিকদারের শুভাকাঙ্ক্ষীরা।
এসময় বক্তারা বলেন, জানাজার উপস্থিতি প্রমান করে সাহাব উদ্দিন সিকদার ছিলেন গণমানুষের নেতা।
দুপুর ২ টা ৩০ মিনিটে জানাজা শেষে আলীর জাহালের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
২৬ সেপ্টেম্বর নিজ বাড়ির বেলকনি থেকে পড়ে গুরুতর আহত হন শাহাব উদ্দিন সিকদার।
প্রথমে তাঁকে নেওয়া হয় কক্সবাজার হাসপাতালে।
পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রামে।
সেখানে ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ১ অক্টোবর তথা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মাত্র ৪১ বছর বয়সে থেমে যায় তাঁর হৃদস্পন্দন।
মৃত্যুকালে স্ত্রী, চার কন্যা ও এক পুত্রসহ অসংখ্য স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন শাহাব উদ্দিন সিকদার।
নিজস্ব প্রতিবেদক 




















