কক্সবাজার ও বান্দরবানের সীমান্তাঞ্চল এবং আশেপাশের এলাকায় আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৫২ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে পর্যটন নগরী কক্সবাজার। এছাড়াও পার্শ্ববর্তী উখিয়া, টেকনাফ, রামু উপজেলা এবং বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়িতে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট আর্থকোয়াক ট্র্যাক বলছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ এবং উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারের মাউলাইক এলাকা থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ।
কক্সবাজার শহরের বাসিন্দা মোহাম্মদ ইমরান হোসেন জানান, ‘ হঠাৎ করে কম্পন অনুভব করেছি এখনো হাত-পা কাপছে। বিল্ডিংয়ের ৫ তলায় ছিলাম ভয় লেগেছে খুব। আল্লাহ আমাদের রক্ষা করুক।
উখিয়া উপজেলার পার্শ্ববর্তী পার্বত্য ইউনিয়ন ঘুমধুমের বাসিন্দা সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, ‘ ৭-৮ সেকেন্ডের বেশি হবে পুরো ঘর কাঁপছিলো। আমাদের এদিকে এরকম ভূমিকম্প এর আগে অনুভব করিনি। হেফাজতের মালিক আল্লাহ।’
উল্লেখ্য, গত ২২ দিন আগে ৩ ফেব্রুয়ারি রাতেও কক্সবাজার ও আশপাশের এলাকার ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিলো।
জ্যেষ্ঠ প্রতিবেদক 






















