চট্টগ্রামের লোহাগাড়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের অপহৃত সহকারী শিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার পদুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত শিক্ষকের নাম স্বরুপ কান্তি দাশ (৫০)। তিনি পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গ্রেপ্তারকৃতরা হলেন – লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সীপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৩) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদারপাড়ার মৃত শাহ জাহানের ছেলে নেজাম উদ্দিন (৪৮)।
সোমবার (২ নভেম্বর) লোহাগাড়া থানা কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন স্বরুপ কান্তি দাশ। পরে সকাল ৯টা ৫ মিনিটের দিকে পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অপহরণকারীরা শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী জেলী চৌধুরীকে (৪৪) ফোন করে অপহরণের বিষয়টি জানায়। এ সময় স্বামীকে জীবিত ফেরত পেতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেয়।
পরবর্তী সময়ে একাধিকবার ফোন করে অপহরণকারীরা স্বরুপ কান্তি দাশকে মারধর করে তাঁর কান্নার শব্দ স্ত্রীকে শোনায়। এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা নিয়ে স্ত্রীকে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যেতে বলা হয়।
এ ঘটনায় খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ অপহৃত শিক্ষককে উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে সাতকানিয়া থানাধীন কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্বরুপ কান্তি দাশকে উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানায়, অভিযানে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিস পেপার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, তাঁরা স্বরুপ কান্তি দাশের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে শিক্ষককে অপহরণের ঘটনা ঘটান। এঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে ।
লোহাগাড়া প্রতিনিধি: 













