কক্সবাজারের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এবং নো ডেভেলপমেন্ট জোনসংক্রান্ত আইন তুলে দিতে কাজ চলছে বলে জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আমির খসরুর নেতৃত্বে অচিরেই এসব আইন তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে হোটেল, মোটেল, রেস্তোরাঁর মালিক, ব্যবস্থাপনা পরিচালক, সমিতি ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় লুৎফুর রহমান কাজল বলেন, “এ আইন পালন করতে গেলে কক্সবাজারের শতকরা ৯০ ভাগ স্থাপনা থাকবে না, হোটেল হোক কিংবা রেস্তোরাঁ। আমরা তো সরকারকে রাজস্ব দিচ্ছি।”
কক্সবাজারের পর্যটন খাতের স্থাপনা ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ইসিএ এবং নো ডেভেলপমেন্ট জোনসংক্রান্ত বিধিনিষেধের প্রভাব তুলে ধরে তিনি এসব মন্তব্য করেন।
নিরাপদ পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনেরা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক: 























