যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা নেভি-ব্লু স্যুটটি তৈরি হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায়। যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ড জস. এ. ব্যাংকের (Jos. A. Bank) স্যুটটি তৈরি করেছে ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির।
গত ৫ অক্টোবর নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (Make America Great Again) সমাবেশে স্যুটটি পরেছিলেন ট্রাম্প। সমাবেশে তাঁর স্যুটের ব্র্যান্ডের পরিচয় সামনে আসার পর এটি কোথায় তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা শুরু হয়।
গত ৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্যুটটি সম্ভবত বাংলাদেশ অথবা চীনে তৈরি। পরে শরীফ জহির জানান, ট্রাম্পের পরা স্যুটটি নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত তাঁদের কারখানায় তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটির কারখানাটি পাঁচ লাখ বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত। ইউনিভার্সাল মেনসওয়্যারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সেখানে স্বয়ংক্রিয় কাপড় কাটার ব্যবস্থা, বিশেষায়িত সেলাই ও প্রেসিং যন্ত্রপাতি এবং উৎপাদন ও সংরক্ষণ এলাকায় পণ্য পরিবহনের জন্য কনভেয়ারভিত্তিক ব্যবস্থা রয়েছে।
শরীফ জহিরের ভাষ্য, একজন ধনকুবের মার্কিন প্রেসিডেন্টের পরনে বাংলাদেশের তৈরি সাশ্রয়ী স্যুট দেখা দেশের কারিগরি দক্ষতা ও ব্যয়সাশ্রয়ী উৎপাদন সক্ষমতার পরিচয় বহন করে। তিনি এটিকে প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের পাশাপাশি বাংলাদেশের পোশাকশিল্পের জন্যও গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।
ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড আন্তর্জাতিক বাজারের জন্য পুরুষদের স্যুট, ব্লেজার, জ্যাকেট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে। প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অংশগ্রহণের একটি উদাহরণ।
সূত্র: দৈনিক ইনকিলাব
টিটিএন ডেস্ক: 























