কক্সবাজার শহরের কলাতলীতে সরকারি জায়গার অবৈধ স্থাপনা সরাতে একদিন সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের মধ্যে নিজ উদ্যেগে স্থাপনা না সরালে বড়সড় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। জাতীয় দৈনিক খোলা কাগজে এমনই সংবাদ ছাপা হয়েছে।
পত্রিকাটি বলছে, এ বিষয়ে নোটিশ প্রদান করা হয়েছে । নোটিশে একদিন সময় বেঁধে দিয়েছে প্রশাসন। নোটিশে বলা হয়েছে, সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করা আইনগতভাবে অপরাধ। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজ উদ্যেগে স্থাপনা না সরালে উচ্ছেদসহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পত্রিকাটি বলছে, নোটিশের বিষয়ে জানতে চাইলে প্লটটিতে কাজের দায়িত্বে থাকা কামরুল নামের ব্যক্তি জানান, জেলা প্রশাসনের একটি নোটিশ হাতে পেয়েছি। নোটিশ পাওয়ার পর স্থাপনার কাজ বন্ধ রয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালের মধ্যে সকল স্থাপনা নিজ উদ্যেগে সরিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।
খোলা কাগজ কে দেয়া বক্তব্যে জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘ইতিমধ্যে এ বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং গণমাধ্যমের মারফতে বিষয়টি জানার পরে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে ও উক্ত জায়গা থেকে নির্মাণাধীন মার্কেট ১ দিনের মধ্যে নিজ উদ্যোগে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বাতিলকৃত সরকারি প্লটে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। এখন এ জায়গা সরকারের। সুতরাং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
সংবাদে উল্লেখ করা সূত্র গুলো নিশ্চিত করেছে খোলা কাগজের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক 








