হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের সঠিক তথ্য প্রদানকারীদের জন্য নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়ে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজারের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫।
আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে যে কেউ স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে হারানো সরকারি অস্ত্র বা গোলাবারুদ সংক্রান্ত সঠিক তথ্য দিলে তাকে এই পুরস্কার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং বর্ণিত সময়ের মধ্যে তথ্য দিলে তার বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে না।
ঘোষিত পুরস্কারের হার অনুযায়ী, হারানো রাইফেল, এসএমজি, এলএমজি এবং স্নাইপারের সঠিক তথ্য দিলে ২ লক্ষ টাকা এবং শটগান, পিস্তল ও গ্যাসগানের তথ্যের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের তথ্যের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং প্রতি রাউন্ড গোলাবারুদের জন্য ৫০ টাকা হারে পুরস্কার প্রদান করা হবে। তবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে কঠোর আই নানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত তথ্য যোগাযোগের জন্য এসআরবি একটি হটলাইন চালু করেছে। আগ্রহীরা ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩ ও ০১৭৭৭৭১১৪৪৪ নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম বা ভাইবারের মাধ্যমে সরাসরি তথ্য জানাতে পারবেন। পাশাপাশি টেলিফোন নম্বর ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করেও তথ্য প্রদান করা যাবে।
জনস্বার্থে কক্সবাজারের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ এই বিশেষ বার্তাটি জারি করেছে।
নিজস্ব প্রতিবেদক 











