ব্যক্তিগত পুরস্কার, গোলসংখ্যা কিংবা টুর্নামেন্টসেরার স্বপ্ন নয় ভিনিসিয়ুস জুনিয়রের চোখ এখন শুধুই বিশ্বকাপ ট্রফিতে। ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত এই তারকা ফরোয়ার্ড।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলার আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস স্পষ্ট ভাষায় জানান, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে তিনি বলেন, আমি এখানে সেরা খেলোয়াড় হওয়ার জন্য আসিনি। আমি এসেছি ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে। আমাদের লক্ষ্য একটাই ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যাওয়া।
রিয়াল মাদ্রিদের এই তারকা আরও জানান, ব্রাজিলের বিশ্বকাপ মিশন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর আগেই পুরো দল নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে গভীরভাবে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
২০০২ সালের পর থেকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় রয়েছে ব্রাজিল। সর্বশেষ দুটি বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায়ের স্মৃতি এখনও দলটিকে তাড়া করে ফেরে।
তবে সেই হতাশাকে এবার নতুন প্রেরণা হিসেবে দেখছেন ভিনিসিয়ুস। তিনি বলেন, আগের বিশ্বকাপ আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা বুঝেছি, ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত মনোযোগ হারানোর সুযোগ নেই। বিশ্বকাপে ছোট একটি ভুলেরও বিশাল মূল্য দিতে হয়।
চোটমুক্ত একটি মৌসুম কাটিয়ে বিশ্বকাপে অংশ নেয়ায় নিজেকে দারুণ অবস্থায় আছেন বলেও জানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে তিনি কৃতিত্ব দেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে, যার অধীনে রিয়াল মাদ্রিদে খেলেই নিজের সেরা সময় কাটিয়েছেন ভিনিসিয়ুস।
গোলসংখ্যা নয়, দলের সাফল্যই তার কাছে সবচেয়ে বড় বিষয় উল্লেখ করে ভিনিসিয়ুস বলেন, আমি কত গোল করলাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো ব্রাজিল জিতছে কি না। বিশ্বকাপের মতো মঞ্চে দলগত সাফল্যের চেয়ে বড় কিছু নেই।
সূত্র চ্যানেল 24
স্পোর্টস ডেস্ক : 






















