পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদিউল আলম নামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউপির কোদাইল্যাদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এসময় হামলাকারীরা দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
আহত বদিউল আলম পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
আহত প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন,
আমার চাষা নাজেম উদ্দিন লবণমাঠ প্রস্তুত করছিলেন। এসময় স্থানীয় আবদুর রহমান, তার ভাই আব্দুল হাকিম, আবু তাহের মহিউদ্দিন, গিয়াস উদ্দিন, মনছুর আলম, আব্দুল মান্নান, জামাল হোসেনসহ কয়েকজন এসে কাজে বাঁধা দেয়। বিষয়টি জানতে সেখানে গেলে তারা আমাকে অর্তকিত হামলা করে।
তিনি আরও জানান, ওই জমিটি আমার ক্রয়কৃত সম্পত্তি, যা ২০১৮ সালে ক্রয় করি। তিন বছর ধরে সেখানে লবণ চাষ চলছে। হামলাকারীরা আমার জমি জবরদখলের চেষ্টা করছে।
চাষা নাজেম উদ্দিন বাদশাহ বলেন, সকালে মাঠে কাজ করার সময় ১০-১২ জন এসে বাঁধা দেয়। জমিটি প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে লাগিয়াত নিয়ে তিন বছর ধরে চাষ করছি বলার পরও তারা আমাকে জোর করে মাঠ থেকে তাড়িয়ে দিয়ে নিজেরা কাজ শুরু করে। খবর পেয়ে মেম্বার সাহেব ঘটনাস্থলে গেলে তাকে মারধর করে।
প্রত্যক্ষদর্শী শেফায়েত উল্লাহ বলেন, মাঠে উত্তেজিত লোকজন দেখে সেখানে গিয়ে দেখি মেম্বারকে ৭-৮ জন মিলে মারছে। থামাতে গেলে আমাকেও ইট দিয়ে আঘাত করা হয়।
আরেক প্রত্যক্ষদর্শী নাজেম উদ্দিন বলেন, দুপক্ষের মধ্যে হাতাহাতি হচ্ছিল। কয়েকজন মিলে মেম্বার বদিউল আলমকে মারধর করছিল। জায়গা সংক্রান্ত বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে।
তবে এ ঘটনা মিথ্যে দাবি করে প্রতিপক্ষের জামাল হোসেন বলেন, বর্তমানে জমির মালিক নাছির কামাল চৌধুরী। আমরা তাঁর চাষা। গত কয়েক বছর ধরে স্থানীয় ইউপি সদস্য বদিউল আলম ৮০শতক জমি দখল করে নেয়। ক্রয় সুত্রে ৩৬শতক জমির নামজারি করেন। আমাদের দাবী অতিরিক্ত দখলীয় ৪৪শতক জমি ছেড়ে দেয়ার। গত বুধবার জমি পরিমাপ করেছি। মুলত এটি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ঘটনার দিন সকালে জমিতে লবন মাট সংষ্কারের কাজ করেছি। ওইসময় বদিউল আলম গংদের সাথে আমাদের বাকবিতন্ডা হয়। মারামারির কোন ঘটনা ঘটেনি। দুপক্ষের মধ্যে ধাওায়া পাল্টা ধাওয়া হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 
























