রামুর চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখি (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জিহাদ রাজারকুল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই তার স্ত্রী তাহেরা বেগম আঁখি আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সোমবার বিকেলে উখিয়ার কোটবাজার এলাকা থেকে আঁখিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত আঁখি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টিকটক’-এ বেশ পরিচিত ছিলেন। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দারিয়ার দীঘি এলাকার মো. মুসার মেয়ে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















