কক্সবাজার শহরের বড় বাজার জামে মসজিদে তামার তার চুরির ঘটনার মামলার প্রধান আসামি মোঃ রফিককে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্টের নিচ থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নার্সারী পাহাড় এলাকার মোঃ ছালামে ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারায় ২১ নম্বর মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, আসামি মোঃ রফিক বড়বাজার জামে মসজিদের তামার তার চুরির সাথে সরাসরি জড়িত। পরবর্তীতে গত ১২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ঘটনার তদন্ত ও আসামির অবস্থান শনাক্তে কাজ শুরু করে পুলিশ। ধারাবাহিক নজরদারির পর বৃহস্পতিবার বিকালে পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্টের নিচে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
নিজস্ব প্রতিবেদক: 
























