” অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান ” এ প্রতিপাদ্যে কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
এ উপলক্ষে আজ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড্ডয়নের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়, পরে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের নেয়া নানা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিরা আজ পিছিয়ে নেই, তারা এখন সমানতালে এগিয়ে যাচ্ছে সমাজের মূলস্রোত ধারার জনগোষ্ঠীর সাথে। এদেরকে স্নেহ-ভালোবাসার মাধ্যমে কাছে টেনে নিতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, সমন্বিত শিশু পূনর্বাসন কেন্দ্রের উপপরিচালক জেসমিন আকতার বক্তব্য রাখেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ, প্রতিবন্ধী ব্যক্তি, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ও উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাশেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক: 




















