পেকুয়া উপজেলায় দুটি অটোরিকশার সংঘর্ষের পর গাড়ি চাপায় জামাল হোসেন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন সদর ইউনিয়নের চইরভাঙা এলাকার বাসিন্দা।
নিহতের ভাতিজা নেছার আহমদ জানান, দুপুরে তাঁর চাচা বাড়ি থেকে পেকুয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। চইরভাঙা স্টেশন থেকে একটি অটোরিকশায় (মিশুক) উঠে তিনি গন্তব্যের দিকে যাচ্ছিলেন। পথে তেলিয়াকাটা কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে তেলিয়াকাটা সড়ক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়।
এ সময় জামাল হোসেন গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। তখন বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি তাঁর কোমরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
পেকুয়া প্রতিনিধি 




















