বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের উদ্যোগে ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
মূলত ব্যাটালিয়নের আওতাধীন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
যার মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবাও ১৫৫ লিটার বাংলা মদ।
ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
রবিবার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গত ১৪ আগস্ট ২০২৫ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গত এক বছরে সর্বমোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে এবং ২৮৫ জন আসামিকে আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক: 
























