কক্সবাজার জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ও আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সুবিধা চালুর দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আবেদন করেছেন সংরক্ষিত মহিলা আসন-২১ এর সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না।
২৯ জুন স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো এক আবেদনে তিনি উল্লেখ করেন, প্রায় ২৮ লাখ মানুষের জেলার একমাত্র ২৫০ শয্যার সরকারি সদর হাসপাতালে এখনো ডায়ালাইসিস সেবা চালু হয়নি। ফলে কিডনি রোগীদের চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রামে যেতে হচ্ছে, যা রোগী ও তাদের পরিবারের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আবেদনে আরও বলা হয়, হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় স্ট্রোকসহ গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকায় নেওয়ার পথে অনেক সময় মৃত্যুর ঘটনা ঘটছে।
এ অবস্থায় কক্সবাজারের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক দিক বিবেচনায় দ্রুত সরকারি সদর হাসপাতালে ডায়ালাইসিস ও আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না।
নিজস্ব প্রতিবেদক 
















