ক্ষমতায় আসার পর সরকারি দল জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে।
মঙ্গলবার সকালে কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে শহর জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, নিজেদের কর্তৃত্ব রক্ষায় জুলাই সনদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপি। জামায়াত নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে, তবে এর অর্থ এই নয় যে তারা কোনো অন্যায় বা অবিচার মেনে নেবে। তিনি আওয়ামী লীগের বর্তমান পরিণতি থেকে শিক্ষা নেওয়ার জন্য জামায়াত ও বিএনপি—উভয় দলকেই সতর্ক করেন।
বক্তব্যে তিনি সরকারকে জুলাই সনদ মেনে চলা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার পরামর্শ দেন।
শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: 
























