কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় গেলো ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
চোর ও ছিনতাইকারী চক্রের সদস্যদের আটকসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ এই অভিযানে ৩ জন চোর ও ছিনতাইকারী, পেনাল কোড ২৯০ ধারায় ১৩ জন, ৩ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদক সেবনকারী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ধর্তব্য অপরাধে জড়িত ৪ জনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃত চোর ও ছিনতাইকারীরা হলেন—সমিতি পাড়ার আব্দুর রহমান পুতু (১৯), ভারুয়াখালীর মোঃ আব্দুল্লা হামিদ প্রকাশ সাগর (২৩) এবং দক্ষিণ রুমালিয়ারছড়ার আব্দুল হামিদ (২৬)।
মাদক সংক্রান্ত অপরাধে আটককৃতদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী হলেন—উত্তর টেকপাড়ার জোসনা আকতার (২৩) ও খাদিজা বেগম (২২) এবং নুনিয়ারছড়ার সানজিদা আক্তার (২৬)। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে বইল্লা পাড়ার মোঃ সালাউদ্দিন (৩০), ঝিলংজা কলাতলীর মোহাম্মদ নয়ন প্রকাশ কালু (৩০) এবং বাদশা ঘোনার পুতুকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পেনাল কোড ২৯০ ধারায় আটক করা হয়েছে আব্দুল গফুর (৩১), মোঃ রাসেল (২৬), মঈন উদ্দিন (২৩), মোঃ হোসেইন (২৬), জসিম উদ্দিন (৩১), কালা বাসী দে (২৮), মর্জিনা (২৫), তাছলিমা আক্তার (২২), তানিয়া সুলতানা (১৯), রুনা আক্তার (৩২), আবু বক্কর ছিদ্দিক (৪৬), মোঃ শামীম মিয়া (৩৪) এবং আরাফাত হোসেনকে (২৬)।
অন্যান্য অপরাধের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক হয়েছেন দক্ষিণ রুমালিয়ারছড়ার আব্দুল হামিদ (২৩) ও মোঃ হোসেন এবং সাতকানিয়ার স্থায়ী বাসিন্দা (বর্তমানে কক্সবাজার বাজারঘাটা) আবদুল শুক্কুর।
অন্যদিকে, ধর্তব্য অপরাধে জড়িত থাকায় ঝাউতলার মোঃ সোহেল (৪৫), দক্ষিণ রুমালিয়ারছড়ার মোঃ হোসেন প্রকাশ জাম্বু (২১), ঝিলংজার ইব্রাহিম নুর (২৪) এবং মধ্যম কলাতলীর মোঃ রাশেদকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 





















