উখিয়া-টেকনাফসহ কক্সবাজার জেলায় সাধারণ নাগরিকদের জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) পূর্বানুমতি বা অনাপত্তিপত্র নেওয়ার নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এই প্রথাকে সাধারণ মানুষের জন্য মারাত্মক হয়রানিমূলক উল্লেখ করে তিনি দেশের অন্যান্য জেলার মতো কক্সবাজারেও স্বাভাবিক নিয়মে জমি রেজিস্ট্রেশন চালুর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন।
প্রধানমন্ত্রী বরাবর দেওয়া চিঠিতে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এই সংসদ সদস্য উল্লেখ করেন, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর প্রশাসনিক এক নির্দেশনার মাধ্যমে জেলা প্রশাসনকে জমি হস্তান্তরের আগে অনাপত্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। তবে ওই নির্দেশনায় তিন মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে স্বয়ংক্ৰিয়ভাবে অনাপত্তি মঞ্জুর হওয়ার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। ফলে বছরের পর বছর জমি সংক্রান্ত আবেদন ফাইলবন্দি হয়ে পড়ে থাকছে।
চিঠিতে বলা হয়, জমি হস্তান্তরের জটিলতায় একদিকে যেমন সাধারণ ভূমি মালিকরা হয়রানি ও অতিরিক্ত খরচের শিকার হচ্ছেন, অন্যদিকে সরকারের বিশাল অঙ্কের রাজস্ব ক্ষতি হচ্ছে। ব্যাংক ঋণ, ভূমি উন্নয়ন কর এবং স্বাভাবিক জমি কেনাবেচা ব্যাহত হওয়ায় স্থানীয় অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। তাই জনস্বার্থে ও হয়রানি বন্ধে এই অতিরিক্ত নিয়মটি দ্রুত বাতিলের জোর দাবি জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 




















