কক্সবাজারের উখিয়ায় সাহরির সময়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে পরে সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী ও স্থানীয় আবদুর শুক্কুরের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঢাকাপোস্টকে বলেন, ‘ প্রাথমিকভাবে ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতে চিহ্ন ছিল, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।’
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র বলছে, ‘ সাহরিতে দুর্বৃত্তরা অতর্কিত বসতঘরে প্রবেশ করে লালা বিবির ওপর হামলা চালায়, চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।’
লালা বিবির স্বামীর বড় ভাই আবদুল আলম বলেন, ‘ জমিজমার বিরোধ নিয়ে স্থানীয় একটি পক্ষের সাথে ঝামেলা চলছিলো দীর্ঘদিন ধরে। লালাবিবিকে নির্যাতনের পর ধর্ষণ করা হয়েছে, পুলিশ যার আলামত পেয়েছে। পরিকল্পিতভাবে এঘটনা বিরোধীপক্ষ ঘটিয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জ্যেষ্ঠ প্রতিবেদক: 























