কক্সবাজারের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ছাত্রদল নেতা আলমগীর চৌধুরীর কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আলমগীর চৌধুরী এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।
ফেসবুক পোস্টে আলমগীর চৌধুরী জানান, তার মামা দীর্ঘদিন ধরে সুগন্ধা বীচ পয়েন্টের নীলিমা রিসোর্টের পাশে একটি ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি প্রশাসনের উচ্ছেদ অভিযানে দোকানটি ভেঙে ফেলা হয়। পরবর্তীতে সেই একই জায়গায় পুনরায় দোকান বসানোর চেষ্টা করলে স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন আলমগীর চৌধুরী।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বিদের কাছে বিচার দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। পরে আলমগীর চৌধুরী নিজে কয়েকজন ছাত্রনেতাকে নিয়ে ওই যুবদল নেতার সঙ্গে কথা বলতে গেলে তিনি পুনরায় সেখানে দোকান করার বিনিময়ে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
আলমগীর চৌধুরী তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন অসহায় মানুষের জীবিকার জায়গা দখল করে পুনরায় সেখানে দাঁড়াতে টাকা দাবি করা কোনোভাবেই ন্যায়সংগত হতে পারে না।
আলমগীর চৌধুরী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
তবে কোন যুবদল নেতার বিরুদ্ধে এ অভিযোগ তার নাম উল্লেখ না করায় সেই যুবদল নেতার বক্তব্য নেয়া যায় নি।
নিজস্ব প্রতিবেদক : 




















