আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম , জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ নামে তিনটি পৃথক প্যানেলের ৪৯ জন প্রার্থী এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ১৭ টি পদের জন্য বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচনের চলমান আমেজের মধ্যে আদালতপাড়ায় আলোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা, চেম্বারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, ঐ চেম্বারে একসঙ্গে বসেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য ও নির্বাচনে আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট রিদুয়ান আলী, নুরুল ইসলাম নাহিদ ও মো. ফয়সাল।
ছবি টাঙানোর সেই ভাইরাল ভিডিওতে আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল, হুমায়ুন কবির, নূরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট মানিক, অ্যাডভোকেট আবু, অ্যাডভোকেট জসিম উদ্দিন’কে দেখা গেছে। এদের মধ্যে অ্যাডভোকেট জসিম উদ্দিন পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করছেন।
আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু জানান,’ কয়েক বছর আগে সহপাঠী হিসেবে একসঙ্গে চেম্বার শুরু করার সময়ই বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়, সে সময় ছবির জন্য আলাদা ফ্রেমও তৈরি করা ছিল। গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি মব করার উদ্দেশ্যে জেলা জজ আদালত এলাকায় হামলা ও ভাঙচুর চালায়, সে পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে ছবিটি সরিয়ে রাখা হয়।’
তিনি বলেন, ‘ অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ছবি চেম্বারে স্থাপন করা হয়েছে। ছবি টাঙানোর পর থেকে কোনো ধরনের হুমকি বা চাপের মুখে পড়তে হয়নি।’
জানা গেছে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ২০২৫ সালের নির্বাচনে মাত্র তিন পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করে দুইজন বিজয়ী হয়েছিলেন। একবছর পর অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট বদিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল হুদা সহ ১৫ টি পদে আওয়ামী লীগ সমর্থকেরা মনোনয়ন দাখিল করেছেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক 




















