কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। এরপরেও যারা কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সতর্কতা ব্যক্ত করেন। লুৎফুর রহমান কাজল স্পষ্ট করে বলেন, যেসব ফিলিং স্টেশন মজুদ থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রেখেছে বা গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছে, তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট প্রশাসন ও
আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করার আহ্বান জানান এমপি কাজল।
নিজস্ব প্রতিবেদক: 























