কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “কসউবিয়ান শিক্ষাবৃত্তি ২০২৫”-এর মেধা যাচাই পরীক্ষা আজ শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
প্রাক্তন ছাত্র পরিষদ জানায়, নবম ও দশম শ্রেণির দুই শতাধিক নিবন্ধিত শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষাটি আয়োজন করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণেই।
১৫০ বছরের ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা, মানবিকতা ও দায়িত্ববোধের চর্চা বাড়াতে এ বৃত্তি চালু করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আজকের পরীক্ষার মাধ্যমে ১০ জন শিক্ষার্থীকে “কসউবিয়ান স্কলার ২০২৫” হিসেবে নির্বাচিত করা হবে। নির্বাচিতরা পাবেন সম্মাননা ও অর্থ পুরস্কার।এ ছাড়া তিনটি মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় ৭ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে এক বছরের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে।
পরীক্ষাটি ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হচ্ছে। প্রশ্নপত্রে পাঠ্যপুস্তকভিত্তিক বিষয়ের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, জলবায়ু পরিবর্তন, বিজ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান এবং যুক্তি বা আইকিউভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে নবম শ্রেণির মান অনুযায়ী, যাতে নবম ও দশম উভয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ থাকে।
পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, মূল্যায়ন ও ফল যাচাইয়ের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদ ও বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি। আয়োজকদের দাবি, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হয়েছে।
পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর)।
বৃত্তির চূড়ান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর কসউবিয়ান দিবস উপলক্ষে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।
প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সমন্বয়ক মোহিব্বুল মোক্তাদির তানিম বলেন, “এই বৃত্তি কেবল একটি পরীক্ষা বা পুরস্কার নয়। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলা এবং মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার একটি প্রয়াস।”
আয়োজকদের আশা, কসউবিয়ান শিক্ষাবৃত্তি ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নিয়মিত ও অনুপ্রেরণামূলক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তি: 
























