কক্সবাজারের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অধিধ্বনি-এর উদ্যোগে শিশুদের জন্য পাঁচ দিনব্যাপী নাট্য কর্মশালা “অভিনয়ের হাতেখড়ি” উদ্বোধন করা হয়েছে।
শিশুদের মেধা ও মননের নান্দনিক বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন প্রশিক্ষক মোহাম্মদ ইমরান হোসেন (ইমু)। তিনি একজন শিক্ষক ও নাট্য নির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেডোরিয়া’র সিইও ইসরাত জাহান সুমাইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অধিধ্বনির পরিচালক অতনু দাশ এবং প্রধান সমন্বয়ক সায়ন্তন ভট্টাচার্য।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের অভিনয়ের মৌলিক ধারণা, সংলাপ বলার কৌশল, শরীরী ভাষা, মঞ্চ উপস্থাপনা এবং নাট্যচর্চার বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
পাঁচ দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করে ত্রিশেরও বেশি শিশু। পাঁচ থেকে সাত বছর বয়সী এসব শিশুরা কর্মশালার প্রথম দিনের ক্লাসে আনন্দ ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রশিক্ষকের নির্দেশনায় তারা অভিনয়ের প্রাথমিক অনুশীলন, শরীরী ভাষা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়, যা তাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি করে।
তারা আরও বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নাট্যচর্চার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে নতুন নাট্যকর্মী তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মনে করছেন, শিশুদের সাংস্কৃতিক বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
টিটিএন ডেস্ক: 






















