ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এই সংঘাতের রেশ ধরে বাংলাদেশে নতুন করে আলোচনায় এসেছে সেন্টমার্টিন দ্বীপে মার্কিন ঘাঁটি স্থাপনের পুরনো গুঞ্জনটি।
রাজনৈতিক আড্ডা ও সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিনের গুঞ্জন ছিল যে, সেন্টমার্টিনে আমেরিকা সামরিক ঘাঁটি করতে চায়। যদিও ড. ইউনূসের নেতৃত্বাধীন সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার এই খবরটিকে অস্বীকার করেছিলো। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দেখে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সেন্টমার্টিনের বাসিন্দা কেফায়েত উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসাত্মকভাবে লিখেছেন, ‘যদি আজ সেন্টমার্টিন দ্বীপটি মার্কিন সেনাদের ব্যবহারের সুযোগ দেওয়া হতো, তবে হয়তো বাংলাদেশিরাও সরাসরি ইরানের মিসাইল দেখার সুযোগ পেত এবং টিকটক বা রিলস বানাতে পারত।’

বিভিন্ন চায়ের দোকানেও এই আলোচনা এখন তুঙ্গে। ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, সেন্টমার্টিনে যদি আমেরিকার ঘাঁটি থাকত, তবে এতক্ষণে বাংলাদেশকেও ইরানের মিসাইল হামলার লক্ষ্যবস্তু হতে হতো এবং দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ হতো।
মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা প্রবাসীদের নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান নিয়েও সাধারণ মানুষকে নতুন করে ভাবিয়ে তুলছে।
নিজস্ব প্রতিবেদক 


















