টেকনাফের হ্নীলার পশ্চিম লেদা এলাকার অপহৃত নুরুল ইসলাম কে উদ্ধার এবং অপহরণচক্রের আস্তানা ধ্বংসে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, রবিবার (২৩ নভেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের হ্নীলা ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্প এবং নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের লাগোয়া গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালিত হয়। অপহৃত নুরুল ইসলাম (৫০)কে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
ওসি জায়েদ নূর বলেন, ড্রোন ক্যামেরা ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে অপহরণকারীদের বিভিন্ন আস্তানা ধ্বংস করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামীসহ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত এই সশস্ত্র সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
তিনি আরও জানান, অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ এসব অপরাধ নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক: 























