বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ১১ বিজিবি নাইক্ষ্যংছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সভা এবং মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নাইক্ষ্যংছড়ি জোন সদরে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, সেলাই মেশিন এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্য দেন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস।
এসময় তিনি বলেন- দেশের সীমান্তরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা এবং ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি দীর্ঘদিন ধরে নানামুখী জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। আজকের এ কর্মসূচি সেই চলমান সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমেরই ধারাবাহিক অংশ।
তিনি বলেন- বিজিবির দৃঢ় বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে স্থায়ী শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে—যা এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ১১ বিজিবির উপঅধিনায়ক মেজর আশিকুর রহমান, নাইক্ষ্যংছড়ি থানা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, উপজেলার হেডম্যানগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রশাসকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা মনে করেন বিজিবির এ ধরনের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ সীমান্ত অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করবে।
হাফিজুল ইসলাম চৌধুরীঃ 
























