কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ধারণ করতে গিয়ে একদল সন্ত্রাসীর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন তিন গণমাধ্যমকর্মী। গত রোববার ২২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার উত্তর হারবাং এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকেরা হলেন সুপ্রভাত বাংলাদেশের চকরিয়া প্রতিনিধি এম জিয়াবুল হক, আমার দেশের চকরিয়া প্রতিনিধি ইকবাল ফারুক এবং কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর হারবাং এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় নাজেম উদ্দিনের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ওই তিন সংবাদকর্মী ঘটনাস্থলে যান। তারা বালু উত্তোলনের ছবি ও ভিডিও ধারণ করতে শুরু করলে প্রথমে শ্রমিকরা তাদের বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকরা মূল হোতা নাজিম উদ্দিনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দলবল নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি এখনো কেউ আনুষ্ঠানিকভাবে থানায় অবহিত করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাইফুল ইসলাম সাইফ 



















