প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে অফিসে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।
সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষ প্রতিবেদক,ঢাকা: 























